যুব উন্নয়ন কর্মকর্তাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৬

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন প্রামাণিককে (৪৮) গাছের সাথে বেঁধে বর্বরভাবে পিটিয়ে নির্যাতনের মামলায় ৬ আসামিক গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের কোর্ট চত্বরে উকিলবারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাইনদ্দিন প্রামানিক (৫৫), আ. লতিফ প্রামানিক (৪৫), আজিজুল প্রামানিক (২৫), মোরশেদ প্রামানিক (২২), আছমত মল্লিক (৬০), মানিক মল্লিক (৬৫) ও খোয়াজ শেখ (৫৫)। এদের প্রথম পাঁচজনের বাড়ি সদর উপজেলার চাঁদপুর পূর্ব মল্লিকপাড়া এবং শেষের জনের বাড়ি চাঁদপুর মৈজদ্দিন মাতুব্বর পাড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস বলেন, আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হোসেন প্রামাণিক বাদী হয়ে গত ২ এপ্রিল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, পিতার রেখে যাওয়া ৪ একর ৩৬ শতাংশ ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে বিরোধের জের ধরে গত ১ এপ্রিল হোসেন প্রামাণিকের উপর হামলা করে তারই আপন ভাই-ভাতিজারা। তাকে গাছের সাথে বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও প্লাস দিয়ে আঙুলে জখম করা হয়। খবর শুনে তার স্ত্রী ও মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয়।
পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পৌছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রীর একটি পা ভেঙ্গে গেছে। এ ঘটনায় হোসেন প্রামাণিক কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কাদের প্রামাণিক (৬০) পলাতক রয়েছে।

হোসেন প্রামাণিক জানান, প্রায় একবছর আগে ভাইয়েরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এরপর গত ২০ মার্চ ও ২৭ মার্চ রাতে পরপর দুবার তার বাড়িতে আগুন দেয়া হয়। তিনি থানায় একটি মামলা করেন। এরপর আবারও তারা তাকে গাছের সাথে বেঁধে বর্বরভাবে পিটিয়ে আহত করে এবং স্ত্রী কন্যাকেও মারপিট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights