যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, হরমুজে তারাই বাধার সম্মুখীন হবে: ইরান

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করা দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলে সমস্যার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া বলেন, ‘কোনও দেশ যদি তেহরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে চায়, তাহলে সেই দেশ অবশ্যই হরমুজ প্রণালী অতিক্রমে সমস্যার সম্মুখীন হবে।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ‘শত্রুপক্ষের কোনও লক্ষ্যই অর্জিত হয়নি’ এবং ইরানের রাজনৈতিক কাঠামোর ভারসাম্যও নষ্ট করা যায়নি। বরং দেশের অভ্যন্তরে ঐক্য ও সংহতি আরও জোরদার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আকরামি নিয়ার ভাষায়, “ইরানি জনগণের রাস্তায় উপস্থিতিই প্রমাণ করে যে, অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে। শত্রুরা বুঝতে পেরেছে- এই প্রতিরোধ ভাঙা সম্ভব নয়। শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।”

তিনি জানান, চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে। একই সঙ্গে লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে এবং প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অবস্থান পুনর্বিন্যাস করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে ইরানের এমন বক্তব্য নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের যেকোনও কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights