যে কারণে ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
হামলার পরিকল্পনা ও অর্থায়নের কারণ দেখিয়ে ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সরকারের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। মূলত বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি যুক্তরাজ্যের।
ব্রিটিশ সরকারের রূপরেখা অনুযায়ী, অভিযুক্তদের ওপর তিন ধরণের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত, যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। দ্বিতীয়ত, তালিকাভুক্ত ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া তারা কোনো ব্রিটিশ প্রতিষ্ঠানের পরিচালক বা নীতিনির্ধারণী পদেও দায়িত্ব পালন করতে পারবেন না।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে যুক্তরাজ্যের এই নতুন নিষেধাজ্ঞা তেহরান ও লন্ডনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্রিটেন সরকার বলেছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে সহযোগিতা করেছিল। এতে করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে যুক্ত নেটওয়ার্কগুলো তহবিল স্থানান্তর ও সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। সূত্র: আরব নিউজ, রয়টার্স
