যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক

আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। দুবাই থেকে এডিনবরায় স্কটল্যান্ড ক্রিকেটের সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। তবে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ক্রিকবাজ।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার সকালে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে বোর্ড সদস্যদের জানিয়েছেন, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার খবর দিয়েছে ক্রিকইনফোও। বোর্ডের সব সদস্যকে পাঠানো চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না এবং তাই বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ দেওয়া ছাড়া উপায় নেই। সেই দেশ স্কটল্যান্ড। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ডের সদস্য আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়েছে।

আইসিসি গত বুধবার জানিয়ে দেয়, টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এরপর ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু এই সময়ে বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তার কারণে বাংলাদেশ খেলবে না। বিসিবি এরপর আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশের দাবির বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজ্যুলেশন কমিটির কাছে পাঠাতে।

বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিংধারী স্কটল্যান্ডকে বদলি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কটল্যান্ড এখন টি টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে খেলবে। এই গ্রুপ থেকে তারা ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতায় এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সঙ্গে ম্যাচ খেলবে।

ভারতের উগ্রপন্থী হুমকির কারণে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ দল এবং সমর্থক–সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে, এই প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজনকারী শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। তবে আইসিসির বোর্ড সভায় অধিকাংশ সদস্য ভেন্যু না বদলানোর পক্ষে ভোট দেন।

সূত্র: ক্রিকবাজ, ক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights