‘যে প্রজেক্টে সই-ই করিনি, তা থেকে সরে দাঁড়াব কীভাবে’

শোবিজ ডেস্ক

বলিউড অভিনেতা ও প্রযোজক ফারহান আখতারের আশুতোষ গোয়ারিকর পরিচালিত এবং আমির খান অভিনীত স্পোর্টস ড্রামা ‘লালকারা’ থেকে সরে দাঁড়ানোর খবর নিয়ে বিনোদনপাড়ায় যে শোরগোল তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি নিজেই। ফারহান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, উক্ত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে কখনোই চুক্তিবদ্ধ হননি, ফলে সিনেমাটি ছেড়ে দেওয়া বা ‘এক্সিট’ করার কোনো প্রশ্নই ওঠে না।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর রটেছিল যে, শিডিউলজনিত জটিলতার কারণে ফারহান আশুতোষ গোয়ারিকরের এই নতুন প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন, কারণ তিনি নীরজ পাণ্ডের পরিচালনায় কিংবদন্তি সুরকার আরডি বর্মনের বায়োপিক নিয়ে ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফারহান আখতার বিরক্তি ও বিস্ময় প্রকাশ করে বলেন, যে প্রজেক্টে আমি আনুষ্ঠানিকভাবে কখনোই প্রবেশই করিনি, সেখান থেকে বের হব কীভাবে?

বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফারহান আরও বলেন, নিজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে প্রতিটা অভিনেতার কাছেই অসংখ্য সিনেমা ও প্রজেক্টের প্রস্তাব আসে। এর মধ্যে কিছু প্রজেক্টে আপনি সই করেন, আবার কিছু প্রজেক্টে করেন না। ব্যপারটা একেবারেই সহজ ও স্বাভাবিক। তবে অভিনেতা হিসেবে ‘লালকারা’-এ দেখা না গেলেও ছবিটি থেকে কিন্তু ফারহান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাননি। রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথ মালিকানাধীন তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে রাজকুমার হিরানি ফিল্মসের সঙ্গে যৌথভাবে তিনি এই স্পোর্টস ড্রামাটির প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন।

এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়েছিল, ‘লালকারা’ ছবিতে অভিনয়ের জন্য ক্রিকেট অনুশীলনের দীর্ঘ শিডিউল এবং শুটিংয়ের সময়ের প্রয়োজন ছিল, কিন্তু ফারহান এই সময়টি নীরজ পাণ্ডের আরডি বর্মনের বায়োপিকের প্রস্তুতিতেই দিতে চান। পাশাপাশি গুঞ্জন উঠেছিল যে, ফারহান যে চরিত্রটি করার কথা ভাবছিলেন, সেই চরিত্রের জন্য ‘ইনসাইড এজ’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত গুপ্তকে কাস্ট করা হয়েছে।

তবে এই কাস্টিং পরিবর্তনের বিষয়ে ছবিটির নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights