‘যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিতে হবে’

কুমিল্লা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী (সা.) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা সন্ত্রাস করে, হত্যা করে লুটপাট করে, দেশ বিক্রি করে দেয়, মানুষের সম্পদ খেয়ে ফেলে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগণও তাদের বয়কট করবে।
তিনি বলেন, এই চৌদ্দগ্রামে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মুজিবুল হক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে গত ১৫ বছর বাড়িতে আসতে দেয়নি। কোনো নামাজে জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি। মুজিবুল হক নিজে নির্দেশ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। মামলা-হামলা দিয়ে হয়রানি করেছে। আমরা অতীতের সব কিছু ভুলে গেছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাঙচুরের কোনো নির্দেশ দেইনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসা হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights