যৌতুক যন্ত্রণায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারের শারমিন বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও শারমিনের পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শারমিন।

সোমবার সকালে ডাসারের গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন একই গ্রামের আলাউদ্দিন বেপারীর মেয়ে ও লিবিয়া প্রবাসী অলিল বেপারীর স্ত্রী।

এলাকা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের লতিফ বেপারীর লিবিয়া প্রবাসী ছেলে অলিল বেপারী একই গ্রামের আবু কালাম, সোহেল মাতুব্বর, ইমরানসহ বেশ কয়েকজনের কাছ থেকে বিদেশ নেয়ার নাম মোটা অংকের অর্থ নেন। কিন্তু তাদেরকে বিদেশ নিতে ব্যর্থ হন অলিল বেপারী। বিদেশ নিতে না পারায় তারা টাকা ফেরত চায়।
ওই পাওনা টাকা স্ত্রী শারমিন বেগমকে তার বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাপ দেন অলিল, অলিলের বাবা লতিফ বেপারী ও তার বোন স্মৃতি।

এদিকে নিহত গৃহবধূ শারমিন ওই টাকা অসহায় বাবার কাছ থেকে এনে দেয়ার জন্য রাজি না হওয়ায় বিভিন্ন সময় চাপ প্রয়োগ করেন এবং নানা রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা দিতে থাকেন তার স্বামী, শ্বশুর ও ননদ। তাদের যন্ত্রনা সইতে না পেরে রবিবার বিকেলে কীটনাশক পান করেন ওই গৃহবধূ। পরে তাকে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

শারমিনের বোন স্বর্ণা ও ঝুমা অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে টাকার জন্য বিভিন্নভাবে যন্ত্রণা দিয়ে আসছে আমার বোন জামাই, বোনজামাইর বাবা ও বোন। তাই তাদের যন্ত্রণা সইতে না পেরে আমাদের বোন আত্মহত্যা করেছে। আমরা তাদের নামে মামলা করবো।’

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ওই গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মামলা হলে পুলিশ আইন ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights