যৌন নিপীড়নের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়েছে বখাটেরা
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুধারামের কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্ল্যাকিয়া গ্রামে ভাতিজিকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়েছে বখাটে যুবকরা। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় চাচা আবুল বাশারকে (২৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুল্ল্যাকিয়া গ্রামে বুধবার দুপুর ১২টার দিকে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত সাকিব, ফরহাদ, বেলাল ও আবু তাহেরসহ চার জনের বিরুদ্ধে সুধারাম থানায় অভিযোগ দায়ের করেছে।
আহত চাচা ও ভিকটিম জানান, ভিকটিম ও ১ নং সাক্ষী দুইজনই আপন বোন হন। প্রবাসী পিতার অনুপস্থিতিতে দীর্ঘদিন থেকে স্থানীয় বখাটে সাকিব নানাভাবে আমাদের দুইজনকে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেয় সে। পরে এ ঘটনায় থানায় জিডিও করা হয়। কোন উপায় না পেয়ে নিরাপত্তার কথা চিন্তা করে আমার আমাকে অন্যত্র বিয়ে দেয়। পরবর্তীতে বিবাদী ও তার সহযোগীরা আমার স্বামীর মোবাইলে আমার সংসার ভাঙার হুমকি দেয় এবং বিভিন্নভাবে খারাপ কমেন্ট করে মেসেজ পাঠায়। এ ঘটনায় আমার চাচা বাশার প্রতিবাদ করলে বুধবার দুপুরে সাকিবের বখাটেরা বাশারের উপর হামলা চালায় তাকে আহত করে। বর্তমানে প্রবাসী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
