যৌন হয়রানির অভিযোগ নাকি প্রতিশোধ? ‘নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির মাসুল দিলেন আইসিসি প্রধান’

অনলাইন ডেস্ক
‘দখলদার’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে পদ থেকে অপসারণ করা হয়েছে। যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষাপটে আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হলেও, তার আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে একাধিক কূটনৈতিক সূত্র করিম খানের অপসারণের বিষয়টি নিশ্চিত করেছে।

৫৬ বছর বয়সী ব্রিটিশ ব্যারিস্টার করিম খান ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। এরপর থেকেই তিনি তীব্র আন্তর্জাতিক রাজনৈতিক চাপের মুখে পড়েন।

একই সময়ে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্তও তদারকি করছিলেন তিনি। এর পর যুক্তরাষ্ট্রের তৎকালীন ট্রাম্প প্রশাসন করিম খানসহ আইসিসির একাধিক কর্মকর্তা ও কর্মচারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলও এক নিবন্ধে মন্তব্য করেন, করিম খানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ আইসিসির স্বাধীনতার ওপর বড় ধরনের রাজনৈতিক চাপের ইঙ্গিত বহন করে।

করিম খানের বিরুদ্ধে তার এক নারী জুনিয়র সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদন এবং বিচারক প্যানেলের সুপারিশের পর তাকে আগে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তার আইনজীবীদের দাবি, তাকে অপসারণের প্রক্রিয়া ছিল বেআইনি, পক্ষপাতদুষ্ট এবং যথেষ্ট প্রমাণ ছাড়াই পরিচালিত হয়েছে।

তার অপসারণের পর নতুন প্রধান কৌঁসুলি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী বছরের আগে নতুন নিয়োগ হওয়ার সম্ভাবনা কম।

এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, করিম খানের অপসারণের ফলে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। আদালতের বিচারকরা ভিন্ন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেই পরোয়ানা বহাল থাকবে।

সোর্সঃ আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights