যৌন হয়রানির দায়ে রাবির সহযোগী অধ্যাপক সাগর বরখাস্ত
রাবি প্রতিনিধি
যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ড. সাদিকুল ইসলাম সাগর নামে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষক ড. সাদিকুল ইসলাম সাগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক।
বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. রেজাউল করিম (২)।
এ বিষয়ে ড. রেজাউল করিম বলেন, যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটি অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষকের বহিষ্কারের সুপারিশ করে। এ সুপারিশের ভিত্তিতে ’৭৩-এর এক্টের ৫৫ (৩) ধারা অনুসারে আরেকটি তদন্ত কমিটি হয়। এ কমিটির সুপারিশের প্রেক্ষিতে অভিযুক্তকে স্থায়ী বরখাস্ত করেছে সিন্ডিকেট।
এর আগে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাদিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। এ ঘটনায় কয়েকদফায় আন্দোলন করেন আইন বিভাগে শিক্ষার্থীরা। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠিত হয়। এতে অভিযোগের সত্যতা মেলে। ফলে সেই বছরই ১ অক্টোবর তাকে একাডেমিক ও প্রশামনিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
