রংপুরে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুতের তারে স্পর্শে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুতের তারে স্পর্শে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী বেগম ওই এলাকার চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সিটি পুলিশের সদস্য রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিঁড়ে টিনের ঘরের সঙ্গে লেগে যায়, ফলে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

সকালে নামাজ পড়তে গিয়ে কাজলী বেগম ঘরের দরজা স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী সাইফুল ইসলাম, কিশোরী কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। গুরুতর আহত কাজলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জেলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ভুট্টা, ধান ও শাক-সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, গত রাত থেকে ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights