রংপুরে টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনশন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীতে টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলসহ অটোরিকশা ও চার্জার অটো রিকশা মালিক শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে অনশন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকরা। মঙ্গলবার সকালে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার রিক্সা ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ অনশনে বসেন তারা।
এদিকে অনশন সফল করতে ও তাদের সিদ্ধান্ত মানাতে নগরীর বিভিন্ন প্রবেশ পথে অটো ও অটো রিকশা চলাচলে বাধা দেয় অটো রিকশা শ্রমিক নেতারা। এতে করে চরম বিপাকে পরে স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী জনসাধারণ।
জাতীয় রিক্সা শ্রমিক সমিতি মহানগর শাখার সিনিয়র সহসভাপতি এনামুল কবির বলেন, আমরা টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলসহ অটো রিকশা ও চার্জার অটো রিকশা মালিক শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, অসহনীয় যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটো চলাচল বন্ধ, বাইরে থেকে অটো নগরীতে প্রবেশ নিষেধসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। এ নিয়ে ফুটপাত দখলমুক্তসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিও চলছে। এছাড়াও রংপুর নগরীর বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী উপস্থিতিতে সিটি বাস সার্ভিস চালুর ঘোষণা করা হয়। এরপরেই অনেকেই নিজের স্বার্থ হাসিলে অটো রিক্সা শ্রমিকদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছে। আমরা তাদের ডেকে আশ্বস্ত করেছি, বাইরের অটো নগরীতে প্রবেশ বন্ধ হলে এবং লাইসেন্সবিহীন অটো চলাচল না করলে লাইসেন্স প্রাপ্ত অটো চালক ও মালিকরাই লাভবান হবেন। তারপরও কেন আন্দোলন এটা পরিস্কার না।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -১ মাহবুবার রহমান মঞ্জু বলেন, অটো শ্রমিক মালিকরা সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করে এবং মেয়রের সাথে সাক্ষাত করেন। পুলিশ কমিশনারের সাথে কথা বলে, সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
