রংপুরে নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, রংপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টাস ক্লাব, রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুব রহমান, টিএস, রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ অন্যরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে আমরা প্রত্যেক নাগরিককে সমভাবে সেবা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। এই দপ্তরের কেউ দুর্নীতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি অধিগ্রহণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে, আমি ও বিভাগীয় কমিশনার স্যার গুরুত্বসহকারে এসব অভিযোগ তদন্ত করে দেখছি।

তিনি আরও বলেন, রংপুরবাসীর জন্য জেলা প্রশাসনের দরজা সার্বক্ষণিক খোলা রয়েছে। যে কোন সেবা পেতে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমি গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবো। আমি চাই রংপুরবাসীকে সাথে নিয়ে একটি স্মার্ট জেলা হিসেবে রংপুরকে গড়ে তুলতে। এছাড়া রংপুরের যে সকল বিদ্যমান সমস্যা রয়েছে সেগুলো সকলকে নিয়ে সমাধানের চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights