রংপুরে মাহিমের বাসায় শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় রংপুরের মুবতাসিম রহমান মাহিমের বাসায় চলছে শোকের মাতম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন মাহিমের স্বজনসহ এলাকাবাসী।

আজ শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে মাহিমের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এলাকাবাসী ও স্বজনরা ছুটে এসে মাহিমের বাবা-মাকে সান্ত্বনা দেন। তার বাড়ি রংপুর নগরীর জুম্মা পাড়ায়। মাহিম রংপুর ক্যন্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। রংপুর নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা ব্যাংকার শাহীন ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাসিম মাহিম। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তৃতীয় বর্ষের লেখাপড়া করতেন। দুই ভাইয়ের মধ্যে মাহিম বড়।

শনিবার সন্ধ্যায় মাহিমের চাচা হাসান রহমান বলেন, উচ্চশক্তির বিদ্যুতের তার কেন একটি রাস্তায় ঝুলে থাকবে। তাহলে বিদ্যুৎ বিভাগের লোকজনের গাফিলতির কারণে আমার ভাতিজা মাহিমের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই বিষয়টি লক্ষ্য করলো না, তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারলো না। আমরা দায়ী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, মাহিম মেধাবী ছিল। একটা দামি জীবন চলে গেছে। জীবন একটা সস্তা হয়ে গেছে। ছেলেকে বিশ্ববিদ্যালয় পাঠালাম, সে ফিরছে লাশ হয়ে। হয়তো অপরাধীদের বিচার হবে, কিন্তু আমরা যে সন্তান হারিয়েছি, সেই শূন্যতা কে পূরণ করবে।

প্রতিবেশী নাইম হোসেন বলেন, মাহিম খুবই মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে ছিল। তাকে ঘিরে পরিবারসহ এলাকাবাসীর নানা প্রত্যাশা ছিল। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে সে পৃথিবী ছেড়ে চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights