রংপুরে হাজার হাজার আলুচাষির ঈদ আনন্দ ম্লান

নজরুল মৃধা, রংপুর

বৈরী আবহাওয়া ও বাজারে আলুর দাম না থাকায় রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষকের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। লোকসানের চাপে অনেক পরিবারে নতুন পোশাক কেনার সামর্থ্য নেই, ফলে উৎসবের আনন্দ সীমাবদ্ধ থাকছে আনুষ্ঠানিকতায়।

কৃষি বিভাগ ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী—এই পাঁচ জেলায় গত বছর এক লাখ ১৯ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। লোকসানের কারণে চলতি মৌসুমে তা কমে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৫ হাজার হেক্টরে। এ অঞ্চলে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার কৃষক আলু চাষ করেছেন। এরই মধ্যে প্রায় ৭৫ শতাংশ আলু উত্তোলন করা হয়েছে।

গত সপ্তাহে হঠাৎ বৃষ্টিতে মাঠে তোলা আলু নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে ক্ষেত থেকেই প্রতি কেজি ৪ থেকে ৫ টাকায় আলু বিক্রি করে দেন। যারা বিক্রি বা সংরক্ষণ করতে পারেননি, তাদের আলুর একটি অংশ নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

রংপুর নগরীর বাহার কাছনার কৃষক আমিনুল ইসলাম জানান, প্রতি কেজি আলু উৎপাদনে ১২ থেকে ১৫ টাকা খরচ হলেও বর্তমানে বিক্রি করতে হচ্ছে ৫ থেকে ৬ টাকায়। বৃষ্টিতে ক্ষেতে পানি ওঠায় সংরক্ষণ না করতে পারলে আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পীরগঞ্জের কৃষক আইয়ুব আলী, মোস্তফা মিয়া ও আনিছার রহমান জানান, বেশি দামে বীজ কিনে আবাদ করলেও এখন লোকসান গুনতে হচ্ছে। তারাগঞ্জের ফকিরপাড়া গ্রামের কৃষক নুর আলম বলেন, বৃষ্টিতে তার ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আলু নষ্ট হওয়ার আগে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পরিবারের কারো জন্য এখনো ঈদের পোশাক কেনা সম্ভব হয়নি।

কৃষকরা জানান, সার, বীজ ও কীটনাশকের উচ্চমূল্যের মধ্যে লাভের আশায় চাষ করলেও বাজারে দাম না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। হিমাগারে সংরক্ষণ করলে খরচ আরও বেড়ে যাবে, যা অনেকের পক্ষেই সম্ভব নয়। ফলে অনেক কৃষক ক্ষেতেই আলু ফেলে রাখতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম বলেন, বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তা সাময়িকভাবে স্থগিত রয়েছে। রপ্তানি শুরু হলে কৃষকরা ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights