রবিবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পান্না কায়সারের দাফন

অনলাইন ডেস্ক
লেখক, সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও অভিনেত্রী শমী কায়সারের মা। তাঁর আরেক সন্তানের নাম অমিতাভ কায়সার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

শমী কায়সার গণমাধ্যমকে জানিয়েছেন, ডায়বেটিস ছাড়া তাঁর মায়ের তেমন গুরুতর কোনো অসুখ ছিল না। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে ১০টা নাগাদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোয়া এগারোটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শমী কায়সার জানিয়েছেন, রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের মরদেহ রাখা হবে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা হবে। পরে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এদিকে পান্না কায়সারের মৃত্যুতে পৃথকভাবে শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights