রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি মানুষের অধিকার রক্ষা এবং অভাবগ্রস্তদের সহায়তা ও আশার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহাসচিবের বার্তা তুলে ধরেন তার মুখপাত্র স্টেফান ডুজারিক।

ডুজারিক বলেন, ‘রমজানের শুরু উপলক্ষে মহাসচিবের বার্তা অনুযায়ী এই মাস আত্মসংযম ও প্রার্থনার পবিত্র সময়, যা আশা ও শান্তির মহান দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। তবে, পৃথিবীর অনেক মানুষের জন্যই এই লক্ষ্য এখনও অনেক দূরে।’

ডুজারিক আরও বলেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং অন্যান্য বিধ্বস্ত দেশে মানুষ এখনো যুদ্ধ, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যে ভুগছেন।’

তিনি উল্লেখ করেন, ‘এই কঠিন ও বিভক্ত সময়ে রমজানের আসল বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। যাতে বিভাজন দূর করা, গরিবদের সহায়তা এবং প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা যায়।’

মহাসচিব আশা প্রকাশ করেছেন, পবিত্র এ মাস বিশ্বকে আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights