রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

অনলাইন ডেস্ক

রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করেছে উপজেলা ছাত্রদল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

রবিবার দুপুরে রায়পুর পৌর শহরের ট্রাফিক চত্বরে অস্থায়ী এ ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়। এ সময় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্যসচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দোকানটিতে টমেটো কেজি ৩৫ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, লেবু ৩০ টাকা, আলু ২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা এবং শসা ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয় খুচরা বাজারের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম দামে এসব পণ্য বিক্রি হচ্ছে।

দেনায়েতপুর এলাকার সবজি ক্রেতা ফারুক মিজি বলেন, ‘ছাত্রদলের উদ্যোগটি প্রশংসনীয়। তাদের কাছ থেকে বাজার থেকেও কম দামে সবজি কিনেছি। প্রতিটি সবজি কেজিতে ১০-৩০ টাকা কম। এ ধরনের উদ্যোগ নিয়মিত হল সাধারণ মানুষের উপকৃত হবে।’

উদ্যোক্তা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষ বিপাকে রয়েছেন। তাদের কষ্ট লাঘবে রমজানজুড়ে মাসব্যাপী ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম চালু রাখা হবে।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights