রমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল মাঠে মানববন্ধন কর্মসূচিও পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এতে ভোগান্তিতে পড়েছেন ভর্তি রোগী ও তাদের পরিবার।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মীর মিরাজ জানান, মঙ্গলবার রাতে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালে মিডলেভেল চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনরা হামলা চালান। এতে অপারেশন থিয়েটারের কার্যক্রম ব্যাহত হয়। তিনি বলেন, এ ঘটনায় চিকিৎসকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

হাসপাতালে উপস্থিত একাধিক রোগীর স্বজন বলেন, হঠাৎ করে চিকিৎসকদের কর্মবিরতির কারণে তারা বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেকেই রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবছেন।

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকরা হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, দ্রুত কর্মবিরতির অবসান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights