রমেক হাসপাতালে কোন সিন্ডিকেট থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যস্থাপনা প্রসঙ্গে বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোন সিন্ডিকেট থাকবে না। আমরা হাসপাতাল সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। কিছু অব্যবস্থাপনা দূর করতে এখানে পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের বদলি করা হয়েছে। যারা সেবা দিতে পারবে না কিংবা হাসপাতালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে তাদের হাসপাতালে রাখবো না। এখানে মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেটি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীতে একশ’ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরাও চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভাল চলুক, এখানে মানুষ ভাল সেবা পাক। এ হাসপাতালে এক হাজারেরও বেশি শয্যা রয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, এরপরেও কেন মানুষ সেবা পাবে না তা খতিয়ে দেখতে আমি হাসপাতাল সরেজমিন পরিদর্শন এসেছি।
মন্ত্রী আরও বলেন, আমাদের জেলা ও উপজেলা পর্যায়ে জেনারেল হাসপাতাল রয়েছে। কিন্তু সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। ফলে মা ও শিশুদের চিকিৎসা দেয়া কষ্টকর হয়ে যায়। তাই প্রধানমন্ত্রীর উদ্যোগে জেলা পর্যায়েও ছোট আকারে মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন।

এরপর মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যান্সার, কিডনী ও বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights