রশিদপুরের পুরোনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রের পুরোনো একটি কূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলন শুরু হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাসক্ষেত্রটির ৩ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন শুরু হয়। ওই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, দুই মাস আগে রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার কাজ শুরু করে। সফলভাবে ওয়ার্কওভার শেষে সংশ্লিষ্টরা বলছেন গ্যাসকূপটি থেকে অন্তত ১০ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আবদুল জলিল প্রামাণিক জানান, কূপটিতে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। আগামী ১০ বছর এই কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। উত্তোলিত গ্যাসের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।

এদিকে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক গণমাধ্যমকে জানান, ‘কূপটিতে গ্যাসের চাপ ভালো রয়েছে। উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। বাপেক্সের কার্যক্রম আরও জোরদার করতে নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে সাতটি থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights