রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ, যাত্রী আটক

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ আলী নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় আটক মোহাম্মদ আলীর লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়।
মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ মুসা।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক মোহাম্মদ আলী সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে থাকা একটি রাইস কুকারের ভেতর থেকে স্বর্ণগুলো জব্দ করেন।

চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights