রাউজানে পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শামসুন নাহার (৫০) উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ আফজালের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি কেনার জন্য ২৫ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে রাউজান সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন শামসুন নাহার। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে শামসুন নাহারের কাছে থাকা ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
শামসুন নাহার বলেন, অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে ২৫ লাখ টাকা নিয়ে গেছেন। জমি রেজিস্ট্রি করার জন্য ওই টাকা নিয়ে উপজেলা রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
