রাঙামাটিতে গণমাধ্যমকর্মীদের বাসায় হামলা-ভাঙচুর
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক চোরাগুপ্ত হামলা করছে। রাঙামাটি সদর থানা ছাত্রলীগের নামধারী সদস্য সাকিবুল ইসলাম শান্ত ও আকিবের নেতৃত্বে হামলা হয়েছে বেশ কিছু সাংবাদিকের বাড়িতে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীরা।
জানা গেছে, বুধবার দুপুর ১টায় শহরের কাঠালতলী এলাকায় সাংবাদিক ফাতেমা জান্নাত মুমুর বাসায় হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা। নামধারী ছাত্রলীগের সদস্য সাকিবুল ইসলাম শান্ত ও আকিবের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে ১২জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালায়। এসময় হামলাকারীদের মধ্যে শান্ত ধারালো অস্ত্র দিয়ে প্রথমে হামলা চালায়। একই সাথে তার সহযোগী আকিব, ওয়াফিসহ ১২জন লাটি দিয়ে ভাঙচুর করে, ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে ঘরের জানালা-দরজা। খুলে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরা।
একইভাবে হামলা হয় বাসস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি সাংবাদিক মনছুর আহমেদের বাসায়।
এর আগে হামলা করে আহত করা হয় সমকাল ও একুশে টিভির সাংবাদিক সত্রং চাকমার ওপর। এ ঘটনার পর রাঙামাটি শহরে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ শুরু হয়েছে।
সাংবাদিক মনছুর আহমেদ অভিযোগ করে বলেন, যারা হামলা করেছে তারা আসলে চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তারা এখন সুযোগে লুটপাট করতে নেমেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। তিনি বলেন, হামলা ভাঙচুর করে কোনও সন্ত্রাসী গণমাধ্যম কর্মীদের প্রতিরোধ করতে পারবে না। তারা হামলা করেছে তাদের একটা পরিকল্পনা আছে। এদের দ্রুত শাস্তি আওতায় আনা দরকার।
