রাজধানীতে নিম্নচাপের প্রভাব থাকতে পারে মঙ্গলবারও

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বিস্তার লাভ করেছে। সেই সঙ্গে মহাবিপৎ সংকেত কমিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রিমালের প্রভাবে রাজধানীসহ দেশের সব বিভাগেই বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপে প্রভাব মঙ্গলবারও (২৮ মে) থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, স্থল নিম্নচাপ স্থায়ী কিছু নয়। এটার নির্দিষ্ট কোনো কেন্দ্র বলতে তেমন কিছু নেই। তবে সাগরে নিম্নচাপ হলে সুনির্দিষ্ট কেন্দ্র থাকে। রিমাল নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, যশোর থেকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হয়ে এটি ভারতের দিকে গিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাতেও বৃষ্টি হবে। মঙ্গলবারও কিছুটা প্রভাব থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা বাড়বে।

রিমালের প্রভাবে রাজধানীতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি সড়কে গাছ পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। ঝোড়ো হাওয়ায় রাজধানীর উত্তরায় একটি গাছ ভেঙে সড়কে থাকা গাড়ির ওপরে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে সেখানে গিয়ে ভেঙে পড়া গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights