রাজধানীতে ‘ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষক’সহ আটক ৬
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- শাহ আমানত সাবির (২৩), মো. হোসাইন তানিম (২০), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান (২০) ও মো. বায়োজিত (৩০)।
পরে ৫৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠ থেকে তাদের আটক করেছিল পুলিশ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, আগের দিন করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, উগ্রবাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সেখানে তাদের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। পরে থানার একাধিক মোবাইল টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়।
ওসির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন।
এ নিয়ে আল-জাজিরার অনুসন্ধানী টিমের সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন, ‘মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকান্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করা ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।’
তিনি আরও লিখেন, ‘গতকাল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন, হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান, ও মো. বায়েজিত। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ পরিচালনার সময় যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
