রাজধানীতে বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সুইমিংপুলে গোসল করতে নেমে সাকিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিব দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তিনি কদমতলি দনিয়া এলাকার বাসিন্দা।

তার বন্ধু মো. রিফাত পাটোয়ারী জানান, সকালে ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়ায় একটি সুইমিংপুলে গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান সাকিব। পরে সেখানে থাকা দুজন স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে সাকিবকে কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দুপুর ২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিবের বাবা মো. আরিফ হোসেন বলেন, কদমতলি দনিয়া বড়বাড়ি আমাদের স্থানীয় বাড়ি। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে সাকিব বেরিয়ে যায়। এরপর তার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, সাকিব কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সাকিব সাঁতার জানতো না। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights