রাজধানীতে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোর ৪টার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে গোপন সংবাদের মাধ্যমের জানা যায় শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে (২২) হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এসময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরেক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিয়াম সরকার জানিয়েছে যে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। তিনি পলাতক রাফসানকে সঙ্গে নিয়ে শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক রাফসানকে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights