রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালী এলাকায় মুখোশ পরে এসে সামনে থেকে মোহাম্মদ জামাল (৪০) নামে মধ্যবয়সী এক ব্যক্তির মাথায় গুলি করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাখালীর সাততলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি বলে জানা গেছে। তার বাবার নাম মুন্নাফ আলী।

মোহাম্মদ জামাল থাকতেন মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টার এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গুলিবিদ্ধ জামালের ভাই সজল বলেন, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি ছিলেন। রাতে মহাখালী সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে দোকানে ডিম খাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত দুইজন মুখোশ পরে এসে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, মহাখালীর সাততলা বস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে জামাল নামের ওই ব্যক্তি ঢামেকে এসেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights