রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা মেডিকেল প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় কন্টেইনার লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আল-মামুন (৪৮)। তিনি থানা নির্বাচন কর্মকর্তা ছিলেন। তিনি উত্তরা অফিসে বসতেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি তিল্লী গ্রামের মৃত শামসুল হকের ছেলে তিনি।বর্তমানে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। মো. আল-মামুন এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সংবাদ পেয়ে ছেলে রিয়াদ আবির তাকে ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু রাত সোয়া ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে রিয়াদ আবির বলেন, তার বাবা উত্তরায় অফিস করতেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বিমানবন্দর থানা এলাকায় কন্টেইনার লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আল-মামুন আহত হন।পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights