রাজধানীতে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর বংশালের আগাসাদেক রোডের একটি বাসায় বর্ষণ সরকার নামে এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্ষণের বাবা নিতাই চন্দ্র সরকার জানান, তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সাফুল্লি গ্রামে। তারা ওই বাসায় ভাড়া থাকেন। বর্ষণ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তিনি জানান, বর্ষণ পড়াশোনায় অমনোযোগী ছিল। পড়াশোনার সময়েও মোবাইল নিয়ে থাকত। রাতে এ বিষয় নিয়ে রাগারাগি হয়।

বাবা লন্ড্রি এবং মা ও বোন ফার্মেসি থেকে বাসায় ফিরে জানতে পারেন ছেলে বর্ষণকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে তারা মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights