রাজধানীতে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন, মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

অনলাইন ভার্সন

চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে জনস্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো রাজধানীর প্রথম হিটস্ট্রোক সেন্টার।

ডিএনসিসির তত্ত্বাবধানে পরিচালিত এই সেন্টারে প্রাথমিকভাবে ২৫টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ‘তাপপ্রবাহ চলাকালে রোগীর সংখ্যা বাড়লে শয্যা সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি হাসপাতালের ২য় তলায় আইসিইউ সুবিধাও রাখা হয়েছে, যাতে গুরুতর অবস্থায় থাকা রোগীদের জরুরি সেবা দেওয়া যায়। প্রয়োজন হলে তাদের স্থানান্তরের ব্যবস্থাও থাকবে।’

ডিএনসিসির ৫টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে রোগীদের বহনের জন্য। নাগরিকরা প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও, সেবাটি যুক্ত করা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ। হিটস্ট্রোক আক্রান্ত কেউ ৯৯৯ নম্বরে ফোন করলে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন বলে জানান ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা।

তীব্র গরমে শহরের নাগরিকদের স্বস্তি দিতে ডিএনসিসির প্রশাসক বিশেষ উদ্যোগ নিয়েছেন। তাঁর নির্দেশনায়, নগরজুড়ে মসজিদগুলোর প্রধান কক্ষ এবং অজুখানাগুলো সকাল ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রাস্তায় থাকা মানুষ, বিশেষ করে শ্রমজীবীদের সাময়িক আশ্রয় ও বিশ্রামের সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights