রাজধানীতে ৪৩১ জন গ্রেফতার, বিদেশি পিস্তলসহ ১৪ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০১ জন, গুলশান বিভাগ থেকে ৪৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights