রাজধানীতে ৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার পাঁচ

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যমানের ৮০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দা বাজারের হলুদিয়া গ্রামের মৃত শাহ্জামাল এর ছেলে ইয়াছিন (২৩), একই গ্রামের টাক্কা মিয়ার ছেলে মশাল (২৩), মুক্তি মন্ডলের ছেলে রাজ্জিকুল ইসলাম (১৯), নাপিতভীটা গ্রামের মুক্তি মন্ডলের স্ত্রী মোছা. হামিদা বেগম এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কাঠিপাড়া গ্রামের মৃত বারেক বিশ্বাসের ছেলে মো. লুৎফর বিশ্বাস (৩৮)।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই অভিযানে আনুমানিক ২৪ লাখ টাকা মূল্যমানের ৮০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights