রাজধানীর আব্দুল্লাহপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে ৯ হাজার ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি মো. সরোয়ার কামাল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ। আজ সন্ধ্যায় আব্দুল্লাহপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরায় আব্দুল্লাহপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন সরোয়ার কামালের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার মাদক কারবারি সরোয়ার ইয়াবাগুলো ৫০টি নীল রঙের এয়ার টাইট জিপার পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ব্যাগে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার সরোয়ার কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় একটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। উত্তরা-পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights