রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

​রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে এক নারীসহ ৫ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করা যায়নি।

যাত্রাবাড়ী থানার শনির আখড়া ইউটার্ন এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের ভাষ্যমতে ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই রাস্তায় তার মৃত্যু হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করেন নাসির নামে এক ব্যক্তি। উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

উদ্ধারকারীর ধারণা, ওই ব্যক্তি দীর্ঘদিনের অসুস্থতা ও অনাহারে মারা গিয়ে থাকতে পারেন।

শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান স্টাফরা। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

​অন্যদিকে, শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী আরেক যুবকের মরদেহ উদ্ধার করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মন্ডল। তাকেও ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করছে পুলিশ।

কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকা থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রাণেশ্বর দাস জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তে আইনি প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights