রাজধানীর সবুজবাগ থেকে ককটেলসহ দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।

শুক্রবার সকাল পৌনে ১০টায় সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সবুজবাগ থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights