রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসের প্রথম প্রহরে শহীদ খুশি রেলওয়ে মাঠের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শামিমা পারভীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়া শুক্রবার সকালে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়াসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতকার্মীবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে অনেকে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
