রাজবাড়ীতে কৃষক সমাবেশের উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজবাড়ীতে কৃষক সমাবেশের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে আগে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন এরশাদের অধীনে যারা নির্বাচন করবেন, তারা জাতীয় বেঈমান। ২৪ ঘণ্টার মধ্যে সেই কথা বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হাসিনা। জামায়াতে ইসলাম সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ফলে এরশাদ আরও ৪ বছর ক্ষমতায় ছিল। শেখ হাসিনা জাতীয় বেঈমান।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য নয়। দীর্ঘ ১৫ বছর বিএনপি ভোটের অধিকার আদায়ে আন্দোলন করছে। শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইউবুর রহমান আয়ুবের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব এ. কে. এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব) এস এম ফয়সাল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান, সহ সম্পাদক মো. আবুল হাসান মিয়া বক্তব্য রাখেন।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
