রাজবাড়ীতে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে সৌরভ ইসলাম (২১) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে পাংশা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক এই আদেশ দেন।
জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসাবে শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের মকছেদ প্রমানিকের ছেলে সৌরভ ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, বালিয়াকান্দি উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে পেট্রোল ক্রয় করার সময় মোটরসাইকেলে কাগজপত্র না থাকায় ১১ ব্যক্তিকে ১৮৬০ এর ২৯১ ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
