রাজবাড়ীতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে জেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
পরে রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং দিবসের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে শহীদ কুরমান আলী, শহীদ সাগর, শহীদ আব্দুল গণিসহ যারা আত্মত্যাগ করেছেন, রাজবাড়ীবাসী তাদের সাহস, ত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন। সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, শহীদ আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, শহীদ কুরমান শেখের মেয়ে মিতু আক্তার, জুলাইযোদ্ধা টোকন মন্ডল, মো. আলতাব মাহমুদ সাগর, রতন মোল্লা প্রমুখ।
