রাজবাড়ীতে পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর ইউনিয়নের বেদন ডাঙ্গা সাদ্দামের ড্রেজারের পাইপের গোডাউন থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানান, গোয়ালন্দ ঘাট থানার এস আই মাহবুব ও এস আই জুয়েলসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। এসময় সাদ্দাম নামের এক ব্যক্তি মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের সামনে আসেন। সাদ্দাম পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন। সাদ্দামের হেফাজতে অস্ত্র রয়েছে এমন তথ্য পায় পুলিশ সদস্যরা। বিষয়টি দ্রুত জেলা পুলিশ সুপারকে অবহিত করেন থানার পুলিশ সদস্যরা। পুলিশ সুপার থানা পুলিশের অভিযানের সাথে ডিবি পুলিশকে অভিযানে যুক্ত করেন। থানা ও গোয়োন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাদ্দামের ড্রেজার পাইপের গোডাউনের মধ্যে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।

সাদ্দামের ড্রেজারের গোডাউন থেকে অস্ত্র উদ্ধারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা.শামিমা পারভীন বলেন, আমাদের থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। পুলিশ আসামি গ্রেফতারের চেষ্টা করছে। দ্রুতই আসামি গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights