রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ঘটনাস্থলে তদন্ত কমিটি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে কাপড় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধের জেরে পুলিশের সামনেই তাকে মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত জিআইডি মো. সায়ফুজ্জামান ফারুকীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা কাপড় বাজার এলাকা পরিদর্শনে যান। এ সময় বাজার কমিটির নেতা ও ঘটনার দিন দায়িত্বে থাকা পুলিশে সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

তদন্ত কমিটির অন্য দুই সদস্যরা হলেন- ঢাকা রেঞ্জ পুলিশের পুলিশ সুপার শাকিলা সুলতানা ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক।

বাজার পরিদর্শনের আগে পুলিশ সুপার কার্যালয়ে তদন্ত কমিটির প্রধান সায়ফুজ্জামান ফারুকী ভুক্তভোগী নারী, বাজারের কয়েকজন ব্যবসায়ী ও জেলাটিতে কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলেন।

সায়ফুজ্জামান ফারুকী বলেন, ‘কয়েকদিন আগে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পেছনের কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তদন্ত কমিটি কাজ করছে।’

তিনি আর বলেন, ‘ঘটনাকে কেন্দ্র করে যেসব ফেইসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো শনাক্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মক্ষেত্রে নারীরা যেন স্বাভাবিকভাবে কাজ করতে পারেন পুলিশ সেই বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।’

ঘটনাস্থল পরিদর্শনের সময় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সদস্যরা তিন কর্মদিবসের মধ্যে ডিআইজি ইকবাল হোসেনের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights