রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

১৯ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন উদ্বোধন করা হয়।

শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে মঞ্চে যান।

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা যুবলীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
সম্মেলনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রার্থীদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। সেটি সম্ভব না হলে রাজবাড়ী পৌরসভা হলরুমে ৬টি ইউনিটির ১৭৮ জন কাউন্সিলরের মাধ্যমে ভোট সম্পন্ন হতে পারে। যদি সেখানে উত্তেজনা দেখা যায়, তবে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights