রাজশাহীতে গোলাম আরিফ টিপুর জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভাষাসৈনিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর জানাজা রাজশাহী কলেজ শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় তার মরদেহ শহীদ মিনার চত্ত্বরে নিয়ে আসা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের এমপি শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
এর আগে শহীদ মিনার চত্ত্বরে গোলাম আরিফ টিপুর মরদেহ নিয়ে গাড়ি পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
