রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে এই কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল। তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার ও বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।

শনিবার দুপুর ২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয় এবং চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনগুলো সরিয়ে নেয় ও ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights