রাজশাহীতে নিখোঁজ শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বাঘায় আনিচুর রহমান নামে এক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল আটটায় মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলু মাস্টারের আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহত আনিচুর রহমান মুনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিচুর শুক্রবার বিকালে মনিগ্রাম বাজারে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় তার খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। আজ শনিবার লোক মারফত জানতে পারি আমবাগানে তার গলা কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের পরিবার জানায়, তার ভাইয়রা রায়হান পারিবারিক খরচের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকার জন্য তাকে খুন করা হতে পারে বলে তারা ধারণা করছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করা হচ্ছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার ও এলাকাবাসী জানায়, সে একজন সরল সহজ মানুষ ছিল। নিহতের দুই মেয়ে ও এক ছেলে আছে। বিবাহিত বড় মেয়ে ডিভোর্সের কারণে বর্তমানে ওই বাড়িতে থাকেন। মেজো মেয়ের বয়স সাত ও ছেলের বয়স এক বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights