রাজশাহীতে পুলিশকে লাথি মেরে নারী আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ট্রাফিক পুলিশকে জনসম্মুখে লাথি মারার ঘটনায় এক নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, সেখানে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বজলুর রহমান দায়িত্ব পালনের সময় ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। ওই সময় রিকশার যাত্রী রানী পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর রহমান তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলের জামা ধরে (ইউনিফর্ম) স্পর্শ কাতর জায়গায় লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তবে পুলিশ হেফাজতে থাকায় আটক নারীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
