রাজশাহী ও বগুড়ায় বিপিএল ভেন্যু চান মুশফিক

স্পোর্টস ডেস্ক

বিপিএলের এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্স অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছে। আগের মৌসুমগুলোতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নানা সমালোচনা থাকলেও এবারের রাজশাহী ওয়ারিয়র্স সম্পূর্ণ ভিন্ন একটি দল হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

শিরোপা জয়ের পর ট্রফি ট্যুরে রাজশাহী সফর করে দলটি। বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় জনগণ ক্রিকেটার ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিক বলেন,’আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা পেয়ে খুব ভালো লেগেছে। আমি মনে করি, রাজশাহীবাসীর এই আনন্দ প্রাপ্য ছিল। অনেক দিন পর তারা ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্যও এটি বড় অর্জন, প্রথমবার অংশ নিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের ভালোবাসা পেয়ে আমাদের চ্যাম্পিয়নশিপের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভিড় ও উচ্ছ্বাসের প্রসঙ্গে মুশফিক বলেন, ‘অসম্ভব সুন্দর লেগেছে। রাজশাহীবাসীর এটি প্রাপ্য ছিল। তাদের মাঝে এসে আমাদের আনন্দ আরও বেড়ে গেছে। তাদের ভালোবাসা দেখে সত্যিই আপ্লুত।’

এছাড়া, ভবিষ্যতে বিপিএলের ভেন্যু হিসেবে রাজশাহী ও বগুড়াকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান মুশফিক। তিনি বলেন, ‘রাজশাহী ও বগুড়া—দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যা দরকার, আশা করি বিসিবি তা দেখছে। এই দুই জায়গায় খেলা হলে দর্শক আরও বেশি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights