রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান আবুনুর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার নিজ বাড়ির সন্নিকটে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাবস্থায় ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়ে থাকলেও গোপনে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আবুনুর। এছাড়া তিনি রাজারহাট বাজারে ২০১৩ সালে দোকান-ভাংচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের ঘটনায় সম্প্রতি থানায় দায়েরকৃত একটি মামলার ১ নম্বর আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই বাবুলের নেতৃত্বে পুলিশ তাকে দুপুরে গ্রেফতার করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় ১টি মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি এবং পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights